বিমানবন্দর থেকে আটক যুবলীগ নেতা

বিল্লাল হোসেন মোল্লা মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশত্যাগের চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়ে তাকে আটকে দেয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আটক যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা
আটক যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা |নয়া দিগন্ত

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে দেশ ছাড়ার চেষ্টাকালে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোল্লা মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশত্যাগের চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পেয়ে তাকে আটকে দেয়।

আটক বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোড এলাকার বাসিন্দা এবং মমিন মোল্লার ছেলে। তিনি টঙ্গী এলাকার রাজনীতিতে আলোচিত মুখ হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতেই নজরদারি জোরদার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন মোল্লাকে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।