রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৮

রাজৈরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী ছবি

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে রাজৈরের বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভোলার সিরাজ মাঝির আড়াই বছরের শিশু মেহেদী হাসান, সিরাজ মাঝি (৩০), মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর মো: তরিকুল (১০), রাসেল(৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা লাকড়িবোঝাই ট্রাক ও ঢাকা থেকে বাসাবাড়ির মালামালসহ পিকআপ ভ্যানে একটি পরিবার বরিশালে ফিরছিলেন। রাজৈরে এলে যানবাহন দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রীরা আহত হয়েছেন। ট্রাকচালক পালিয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করা হয়েছে।

হাইওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি সরানোর কাজ চলমান রয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছি।’