ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টে আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী।
শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা-শিবচরের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পদ্মাসেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারায়। এ সময় উল্টে সড়কে আছড়ে পড়ে বাসটি। এতে আহত হন বাসের ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।’



