রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক নিহত

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ঢামেক হাসপাতাল
ঢামেক হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর লালবাগের আজিমপুর এতিমখানা এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে এর চালক মো: আমজাদ হোসেন (৪৫) রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদের ছেলে মোহাম্মদ সাকিব জানান, ‘আমার বাবা পেশায় অটোরিকশাচালক। ভোরে রিকশা চালিয়ে যাওয়ার সময় আজিমপুর এতিমখানায় এলাকায় রিকশা আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়লে ওই সময় একটি ট্রাক আমার বাবাকে চাপা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘আমাদের নিজ বাসা ঢাকা দোহারের জৈনকি এলাকায়। আমার দাদার নাম শেখ ধলা মিয়া। বর্তমানে ফার্মগেট এলাকায় থাকি। আমরা দুই ভাই।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।