রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মারধরে নুর এ আলম ওরফে কামরুল ইসলাম (৩৫) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন দুপুরে যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টসের সামনে মারধার করা হয় তাকে।
নিহত নুর এ আলম শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার এলাকার মোহাম্মদ মোয়াল্লেমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, পূর্ব-বিরোধের জেরে দুপুরে নুর এ আলমকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।’
তিনি আরো জানান, সম্প্রতি নুর এ আলমের সাথে অন্য এক চালক বা শ্রমিকের ঝগড়াঝাটি হয়েছিল বলে জানা গেছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।



