কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর আমিন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার যাত্রী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আমিন অটোরিকশার চালক ছিলেন। আহতরা হলেন রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।
গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয় এবং যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



