দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় মো রাকিব হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের উপজেলার চম্পাতলী বাজারের পূর্বে তৈইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ঠাকুরগাঁওয়ের হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে নীলফামারীর সৈয়দপুরের আরএফএল কোম্পানিতে যাওয়ার সময় সকালে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসচালক গাড়ি নিয়ে পালিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দশমাইল হাইওয়ে মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



