রাজবাড়ীতে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
সপ্তবর্ণা ফিলিং স্টেশন
সপ্তবর্ণা ফিলিং স্টেশন |নয়া দিগন্ত

রাজবাড়ী সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাইয়ের নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)। তারা ট্রাকচালক ও হেলপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রাম্প ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। এ সময় মেশিন থেকে তেল নিচ্ছিল একটি মাহেন্দ্র গাড়ি। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে এসে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয়। এতে মাহেন্দ্রর সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশ দু’টি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্ত করা হবে।’

পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।