রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড় এলাকায় গাড়ির ধাক্কায় এইচ এম ওমর ফারুক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক মাদারীপুর জেলার শিবচর থানার আজগর হাওলাদার কান্দি গ্রামের মরহুম গোলাম কুদ্দুসের ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি জানান, ওমর ফারুককে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশাচালক মিলন জানান যে টিকাটুলির মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তারা তাকে উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অটোরিকশাচালক অটোরিকশা রেখেই পালিয়ে যান।
মো: ফারুক আরো জানান, নিহতের কাছে থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ৩৪ হাজার ৪৮০ টাকা পাওয়া যায়।



