সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে ইশারাত আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ওই ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমনচালক মামুন, ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়ী মতলেব ও আমিনুর।
ধুলিহর গ্রামের ইউনুস আলী জানান, বৃহস্পতিবার সকালে ইশারাত আলী, মতলেব ও আমিনুর একটি নসিমনে তিনটি গরু নিয়ে বিক্রি করার জন্য ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিলেন। বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে পৌঁছালে হঠাৎ করে নসিমনের একটি চাকা খুলে পড়ে গেলে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইশারাত আলীর মৃত্যু হয়। এ সময় মতলেব ও মামুন গুরুতর আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আমিনুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।



