রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ২

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের খাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের খাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনা সদর উপজেলার ফুলঝুরি গ্রামের মো: রাজিব হোসেন (২৫), একই উপজেলার বাসুকি গ্রামের রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাচর গ্রামের ফরিদ জামান (৬৪)।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার বলেন, ‘বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো খিলক্ষেতের খাপাড়া এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছিল। সেখানে ২০-২৫ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। বিকেলে একটি ট্রাক থেকে ক্রেনের সাহায্যে বৈদ্যুতিক কেবল নামাচ্ছিল শ্রমিকরা। সেখানে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ক্রেনটি অসাবধানতাবশত স্পর্শ করলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।’

‘পরে তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই রিয়াজুল জব্বার।