রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর থেকে খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাকচালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


