কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাকুন্দিয়া-মঠখোলা সড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উপজেলার চরতেরটেকীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে নাসির বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলার হোসেন্দী এলাকায় তার বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছিল। এ সময় পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া এলাকায় পৌঁছালে একটি অটোবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইলেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পেয়ে এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



