রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার দনিয়া অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ আবু সাঈদ সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার ছেলে মোহাম্মদ ফারহান ইসরাক নিঝুম জানান, কাজলার দনিয়া অগ্রদূত স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে যায় ভোট কেন্দ্রের পাঁচতলায় উঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরের অচেতন অবস্থায় বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার বাবা হার্টের রোগী ছিলেন।
তিনি আরো জানান, আমাদের বাসা মুগদার মানিকনগর এলাকায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



