হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

সোমাবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন রাখা হয়।

দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০), ছেলে রোহান (৩) ও শ্যালক অপু (২৩)।

তাদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মামুন জানান, হাজারীবাগের রায়েরবাজার এলাকায় জাহানারা ভিলার নিচ তলার ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন গেলে লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নেয়া হলে ভর্তি দেয়া হয়।

তিনি আরো জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলা ছেলে। তিনি জাহানারা ভিলার নিচ তলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে এসেছে। শেখ নোমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, তার ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদেরকে ভর্তি দেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।