খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে আগুনে কমপক্ষে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কমপক্ষে ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে তাদের দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে আগুন লাগার কারণে দোকানগুলোর কোনো কিছুই রক্ষা করা যায়নি। পুড়ে ছাই হয়ে গেছে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আগুন লেগে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ফায়ার সার্ভিস খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটের সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’



