মেলান্দহে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী

জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় সাইম (২২) নামে অপর মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস (৪২) এবং ভাতিজা উজ্জ্বল বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২০)। তারা দু’জনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দু’টি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।