ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেদ নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। আহত মো: সামির (২৪) নারায়ণগঞ্জ জেলার দাদন আকন্দের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী আহত সামিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।


