রাজধানীর তেজগাঁও এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁওয়ের সাওদান গ্রুপ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়ার মরহুম হযরত আলীর ছেলে।
তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ শরীফ হাসান বলেন, তেজগাঁওয়ে সাওদান গ্রুপ কোম্পানির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী শাহরিয়ার ইমন ও তার বন্ধু ওমর ফারুক গুরুতর আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও ওমর ফারুককে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয।
নিহত শাহরিয়ার ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন বলেন, রাতে শাহরিয়ার ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সাথে ঘুরতে বের হয়। পরে রাত ২টার দিকে আমরা খবর পাই তেজগাঁও এলাকায় ট্রাকে সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে গেছে। আমরা এসে ইমনের লাশ দেখতে পাই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রাতে ওই দু’জনকে পথচারীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।


