কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দৌলতখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমতের ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যান তারা। প্রাইভেট পড়া শেষে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে চালানোর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



