রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, (শুক্রবার) দিবাগত রাতে আমরা খবর পেয়ে ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসআই মাইনুদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক যানবহনটি শনাক্তের চেষ্টা চলছে, আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।



