রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দু’জন নিহত হয়েছেন; পুলিশ ট্রাক জব্দ করে চালককে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২ |প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রিকশাচালক ফিরোজ আহমেদের (৫০) পরিচয় জানা গেলেও আনুমানিক ৫৫ বছর বয়সী রিকশা আরোহীর পরিচয় জানা যায়নি।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় বলেন, দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশা আরোহী ও চালক গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহতদের ঠিকানা জানতে পারিনি, বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, এই ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।