অমর একুশে বইমেলার ১৩তম দিনে আজ নতুন বই এসেছে ১৪৬টি। মেলা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। খালিকুজ্জামান ইলিয়াসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হরিশংকর জলদাস।
আহমাদ মোস্তফা কামাল বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের পঠন-পাঠন ও জ্ঞানের পরিধি ছিল অত্যন্ত ব্যাপক। তার লেখার ভঙ্গিও ছিল খুব অন্তরঙ্গ, যে কারণে প্রাবন্ধিক হিসেবে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রবন্ধের প্রচলিত কাঠামো ভেঙে তিনি তৈরি করেছিলেন নতুন এক গদ্যভঙ্গি।
সমালোচনা-সাহিত্য ও প্রবন্ধ-সাহিত্যকে তিনি সবসময় উঁচু মর্যাদার আসনে রেখেছেন। জীবনভর তিনি নানা বিষয়ে প্রবন্ধ লিখেছেন।
তিনি বলেন, প্রবন্ধ ছাড়াও ছোটোগল্প লিখতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তার সৃজনশীলতার সর্বোচ্চ বিকশিত রূপটি ধরা পড়েছিল গল্প রচনার সময়। তার গল্প ছিল বৈচিত্র্যময়, অভিনব এবং কখনো কখনো অকল্পনীয়। সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একইসাথে শিল্পী এবং ব্যক্তিমানুষ হিসেবে দরদি।
তিনি আরো বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের একটি বড় গুণ হলো— তিনি মানুষের ভালো কাজের অকুণ্ঠ প্রশংসা করতে পারতেন। শিক্ষক হিসেবেও তিনি সবসময় সবার প্রতি সমান মনোযোগ ও ভালোবাসা দেখিয়েছেন। লেখক হিসেবে যেমন, তেমনি শিক্ষক ও বুদ্ধিজীবী হিসেবে এবং সর্বোপরি ব্যক্তিমানুষ হিসেবে তিনি ছিলেন অনেক উচ্চস্থানীয়।
হরিশংকর জলদাস বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন ধীশক্তিসম্পন্ন অমায়িক একজন মানুষ। উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ ও নানা তাত্ত্বিক বিষয়ে ছিল তার লেখালেখি। তার উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ এবং মানুষের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক। তার সমগ্র কথা-সাহিত্যে সমাজের ও মানুষের দ্বান্দ্বিকতার নানা বিষয় উঠে এসেছে।
খালিকুজ্জামান ইলিয়াস বলেন, তিনি ছিলেন একজন শিক্ষক, সাহিত্যিক ও তাত্ত্বিক। তিনি অসাধারণ চিত্র-সমালোচকও ছিলেন। বহুমাত্রিক চিন্তা ও কর্মের মধ্য দিয়ে তিনি শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের আলোকিত করেছেন, তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন গবেষক ইসরাইল খান এবং কবি ও সাংবাদিক মুহাম্মদ আবদুল বাতেন।
বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আগামীকাল মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে আয়োজন থাকবে স্মরণ : এম শমসের আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করবেন আরশাদ মোমেন। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাসস



