অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে নতুন বই এসেছে ৬৫টি

মেলা দুপুর ২টায় মেলা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।

নয়া দিগন্ত অনলাইন
একুশে বইমেলা
একুশে বইমেলা |সংগৃহীত

অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে আজ নতুন বই এসেছে ৬৫টি। মেলা দুপুর ২টায় মেলা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবর্ষ : তাজউদ্দীন আহমদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

অধ্যাপক সলিমুল্লাহ খানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন মহিউদ্দিন আহমদ। আলোচনায় অংশ নেন সাজ্জাদ সিদ্দিকী।

মহিউদ্দিন আহমদ প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে তাজউদ্দীন আহমদ খুবই প্রাসঙ্গিক একটি নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। ১৯৪০ এর দশকে ঢাকায় মুসলিম লীগের কর্মী ছিলেন। ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। ১৯৫৩ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে একপর্যায়ে দলের সাধারণ সম্পাদক হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় সরকার গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ইতিহাস আমাদের এমন কিছু সময় ও ঘটনার মুখোমুখি করে, যেটাকে আমরা বলি ক্রান্তিকাল। তাজউদ্দীন আহমদ এমনই একটি সময়ের মুখোমুখি হয়েছিলেন ১৯৭১ সালে। ওই সময়টি তার এবং সমগ্র জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাজউদ্দীন আহমদ রাজনীতিতে যতদিন সক্রিয় ছিলেন, ততদিন মানুষের জন্য কাজ করে গেছেন।

সাজ্জাদ সিদ্দিকী বলেন, তাজউদ্দীন আহমদ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং মহান মুক্তিযুদ্ধে চালকের অবস্থানে বসে যুদ্ধের সমন্বয় ও পরিচালনা, সেইসাথে স্বাধীনোত্তর দেশ পুনর্গঠনের চেষ্টা তাজউদ্দীন আহমদকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে ও পরে তার অবদান অনস্বীকার্য।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, তাজউদ্দীন আহমদ যেভাবে ধীরে ধীরে রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে উঠে এসেছিলেন তা ছিল গুরুত্বপূর্ণ। তার পরিশীলিত মনোভাব, শিক্ষিত মনন ও ভবিষ্যৎ দূরদৃষ্টিই তাকে নেতা করে তুলেছিল। লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আলী আহমদ। বিকেল ৪ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পরিবেশিত হয়।

আগামীকালের বুধবার দুপুর ২টায় মেলা শুরু হয়ে এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : সন্জীদা খাতুন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন মোহাম্মদ আজম। সভাপতিত্ব করবেন ভীষ্মদেব চৌধুরী। এছাড়া বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাসস