সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কালবৈশাখীর আগমুহূর্তে আকাশে কালো মেঘের ঘনঘটা
কালবৈশাখীর আগমুহূর্তে আকাশে কালো মেঘের ঘনঘটা |ইউএনবি

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে। আজও দেশের ১৯ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

কালবৈশাখী নিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামীকালও সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমে তার পরের দিন থেকে বাড়ার পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

অন্যদিকে, ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের সর্বোচ্চ তাপমাত্রার (৩৩.৫) চেয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস কম। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ।

সূত্র : ইউএনবি