ঈদের দিনসহ ৫ দিনই থাকতে পারে বৃষ্টির দাপট

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসাথে উল্লিখিত চার বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টিতে স্বস্তি, ছুটছে নগরজীবন অবিরাম
বৃষ্টিতে স্বস্তি, ছুটছে নগরজীবন অবিরাম |সংগৃহীত

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিনসহ আগামী পাঁচদিন দেশের বেশির ভাগ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসাথে উল্লিখিত চার বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী বুধবার থেকে বৃষ্টির প্রবণতা আরো বাড়বে এবং তাপমাত্রা সামান্য কমবে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধারা বজায় থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই ধারাবাহিক বৃষ্টিপাত ঈদের ছুটিতে জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও, নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।