দেশের অন্যতম বৃষ্টি প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি নয়া দিগন্তকে বলেন, ‘২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত।’
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এর আগের ২৪ ঘণ্টায় (২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৫০ মিলিমিটার এবং তার আগের দিন ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে গত চারদিনে মোট বৃষ্টিপাত দাঁড়িয়েছে ২৬৯ মিলিমিটার।
এছাড়া ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যালমাইল) রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সাথে সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



