তারেক রহমান

পরিবেশ রক্ষায় ৫ পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিএনপি

‘বছরের পর বছর আমরা বৃক্ষরোপণ, খাল খনন, রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিকারক প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সক্রিয় প্রচারণা চালিয়ে এসেছি।’

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |সংগৃহীত

আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষার জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর প্রাক্কালে বুধবার (৪ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আজকের বৈশ্বিক জলবায়ু সঙ্কট এবং শিল্প দূষণের মারাত্মক পরিস্থিতির প্রেক্ষিতে একটি বাস্তবসম্মত এবং ভবিষ্যতমুখী জাতীয় কৌশল তৈরি করার প্রয়োজনীয়তা আরো বেড়ে গেছে। ‘যদি বিএনপিকে আবারো সরকার পরিচালনার দায়িত্ব দেয়া হয়- তাহলে আমরা বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণের প্রতিশ্রুতি দিচ্ছি।’

পাঁচটি প্রধান পদক্ষেপের মধ্যে রয়েছে-

১. একটি ন্যাশনাল গ্রিন রিকভারি পরিকল্পনা, যার মধ্যে থাকবে নবায়ণযোগ্য শক্তি, বনাঞ্চল পুনঃস্থাপন (আগামী পাঁচ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো) এবং টেকসই কৃষি।

২. ক্ষতিকারক প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং শিল্প এবং গৃহস্থালিতে বায়োডিগ্রেডেবল বিকল্পগুলোর উন্নয়ন।

৩. জলাবদ্ধতা মোকাবেলায় নদী ও খালের ড্রেজিং এবং পুনঃস্থাপন প্রোগ্রাম শুরু করা, যাতে জলজ বাস্তুতন্ত্র সুরক্ষিত রাখা যায়।

৪. দেশের দক্ষিণাঞ্চলের জলবায়ু-প্রতিরোধী কৃষি ও অবকাঠামোকে সমর্থন করা- যাতে স্থানীয় সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে পারে।

৫. স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা- যাতে পরিবেশ সচেতন নাগরিকদের নতুন প্রজন্ম তৈরি হয়।

তারেক রহমান বলেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পারিপার্শ্বিক বৈচিত্র্যে পূর্ণ। ‘তাই, আমাদের জন্য এটি একটি গুরুতর দায়িত্ব হলো এই সমৃদ্ধ পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।’

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশবান্ধব দল হিসেবে পরিচিত। ‘বছরের পর বছর আমরা বৃক্ষরোপণ, খাল খনন, রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিকারক প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সক্রিয় প্রচারণা চালিয়ে এসেছি।’

তারেক রহমান আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প শুরু করেছিলেন, যা পরে পরিবেশ অধিদফতরে পরিণত হয়। এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন করেন এবং দেশে প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন- যা পরিবেশ সুরক্ষার জন্য আইনি ব্যবস্থার পথপ্রদর্শক।

পরিবেশ সংরক্ষণ বিলাসিতা না বরং প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করে তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একটি টেকসই বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ, বাসযোগ্য ও স্থিতিস্থাপক দেশ পাবে।’

তিনি আরো বলেন, ‘আসুন, আমরা আশার বীজ বপণ করি। আমাদের বায়ু, পানি ও মাটি সুরক্ষিত রাখি এবং সবার জন্য ভবিষ্যত রক্ষা করি।’