বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১১৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৬৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আবরবের দুবাই, যার স্কোর ১৫৪। ১৫২ ও ১১৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও ইসরাইলের রাজধানী জেরুজালেম।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
গতকাল একই সময়ে আইকিউএয়ার অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল অষ্টম।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



