ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।
এদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।



