দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসাথে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সঙ্কেতও দেখাতে বলা হয়েছে।
শনিবার (৩১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য জেলাগুলোতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



