ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া এদিন সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।
এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল রোববারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও আবহাওয়া অধিদফতর বিশেষ সতর্কতা জারি করেছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর নৌ-যানগুলোকে সাবধানতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।



