ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকাল, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ মোট সাতটি বিভাগে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হতে পারে, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
হালকা বৃষ্টির সম্ভাবনা
হালকা বৃষ্টির সম্ভাবনা

টানা দুই দিনের মেঘাচ্ছন্ন ও বৃষ্টিস্নাত আবহাওয়ার পর আজ সকাল থেকে ঢাকার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রৌদ্রোজ্জ্বল দিনেও রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ মোট সাতটি বিভাগে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হতে পারে, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে।

আজ শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের প্রবল সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।