৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

২৪ ঘণ্টায় এসব অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টি
বৃষ্টি |ইন্টারনেট

রংপুর, ময়মনসিংহ ও সিলেট, তিন বিভাগের অনেক জায়গায় আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

২৪ ঘণ্টায় এসব অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

শনিবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

তবে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর কোনো সতর্ক সঙ্কেত দেখাতে বলেনি। এতে বলা হয়েছে, নদীবন্দর এলাকায় ঝড় বা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা নেই।

অন্যদিকে, ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।