১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

রোববার (৩ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নয়া দিগন্ত অনলাইন

কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে। এসব এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেয়া আরেক পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

পৃথক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বজ্রমেঘের সক্রিয়তার কারণে একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এতে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।