লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

সতর্কবার্তায় জানানো হয়, এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সংস্থাটির আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে সতর্কবার্তায় ‍উল্লেখ করা হয়েছে।