বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের ১৬টি অঞ্চলে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময় বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
এদিকে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।



