সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদী-হাওরের পানি

পাহাড়ি ঢল আর বৃষ্টিতে জেলার নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। আগামী ২-৩ দিন সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বন্যার কোনো আশঙ্কা নেই।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদী-হাওরের পানি
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদী-হাওরের পানি |নয়া দিগন্ত

সুনামগঞ্জে গত দু’ দিনের বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, ধনু নদীসহ সব ক’টি নদ-নদীর পানি বেড়েছে। হাওরেরও বাড়ছে পানি। বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি ও গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।

গত দু’ দিনের টানা বৃষ্টিতে জেলার সব ক’টি নদীর পানি বাড়ছেই। শ্রমজীবী মানুষের কাজের সমস্যা হচ্ছে। রিকশাচালক আইয়ূব আলী বলেন, ‘বৃষ্টি ও হালকা বাতাসের জন্য তার রিকশা চালাতে সমস্যা হচ্ছে। যাত্রী কম, তেমন কোনো ইনকাম নাই। অন্য সময়ের থেকে এই দু’ দিনে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানান তিনি।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার দৈনিক নয়া দিগন্তকে মুঠোফোনে জানান, সামনে বর্ষার আগমনে এ সময় বৃষ্টি হবেই। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে জেলার নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। আগামী ২-৩ দিন সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বন্যার কোনো আশঙ্কা নেই।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘এই মুহূর্তে বন্যার তেমন কোন আশঙ্কা নেই। তবে বন্যা মোকাবেলায় আমাদের প্রস্তুতির আছে। ইতোমধ্যে জেলার সব উপজেলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’