আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

কিছুটা ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
গরম
গরম |ইন্টারনেট

রাজধানী ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টায় প্রকাশিত ছয় ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে।

আরো বলা হয়েছে, আজকের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একইসাথে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও বৃষ্টির মাধ্যমে গরম কমার সম্ভাবনা নেই। এর ফলে নগরবাসীকে কিছুটা ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে।