টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

উপজেলার সুরমা, চেলা, খাসিয়ামারা, চিলাই, চলতি ও ধূমখালিসহ বিভিন্ন নদী, হাওর ও খাল-বিলের উপচে পড়া পানিতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে নিম্নাঞ্চলগুলোতে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা |নয়া দিগন্ত

দু’ দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপজেলার সুরমা, চেলা, খাসিয়ামারা, চিলাই, চলতি ও ধূমখালিসহ বিভিন্ন নদী, হাওর ও খাল-বিলের উপচে পড়া পানিতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে নিম্নাঞ্চলগুলোতে। এছাড়াও বুধবার দুপুর থেকে উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী।

বুধবার রাত থেকে টানা ভারী বর্ষণে শুক্রবার (৩০ মে) সকালে ভারত থেকে নেমে আসা পানিতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর নিকটবর্তী, সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর ও রহিমের পাড়া এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। দৌলতপুর, মন্তাজনগর এলাকার হাওরগুলোতে বিকেল ৪টা পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় এসব নিম্নাঞ্চলে ইতোমধ্যে গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে।

খাসিয়ামারা নদীতে পানি বাড়তে থাকায় বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে দোয়ারাবাজার সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় সুরমা, বগুলা, লক্ষীপুর ও বাংলাবাজারসহ (আংশিক) পাঁচ ইউনিয়নের মানুষ।

বিভিন্ন স্থানে রাস্তা, মাঠ-ঘাট ও গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে ও ধানের বীজতলা নিয়ে শঙ্কিত রয়েছেন নিম্নাঞ্চলের কৃষকরা।

উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, খাসিয়ামারা নদীতে পানি বাড়ছে। হাওরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। দু’ দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আশঙ্কাজনক পানি বৃদ্ধি পাচ্ছে। পানি হ্রাস না পেলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি ত্রাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। স্বেচ্ছাসেবকসহ আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।