রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।



