অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা

সেপ্টেম্বর-অক্টোবরে সাধারণত জাপানে টাইফুন মৌসুম পুরোপুরি সক্রিয় থাকলেও এই আবাসন পরিকল্পনা ব্যাহত হবে না বলে আয়োজকরা আত্মবিশ্বাসী।

নয়া দিগন্ত অনলাইন

জাপানের এশিয়ান গেমস আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর এশিয়ার অলিম্পিক কর্মকর্তাদের সাথে তারা নিয়মিত আলোচনা করছেন। এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়া ও বৃহত্তর আইচি অঞ্চলে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে শুরুতে প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।

কিন্তু গত সপ্তাহে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারীর সংখ্যা ১৭,০০০ বলে উল্লেখ করা হয়, এর মধ্যে ১১,০০০ ক্রীড়াবিদ এবং ৬,০০০ কর্মকর্তা। এতে আবাসন ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়তে পারে।

এবার কোনো আলাদা অ্যাথলেটস ভিলেজ থাকছে না। এর পরিবর্তে আয়োজকরা একটি ক্রুজ জাহাজ, কাঠের তৈরি অস্থায়ী কক্ষ এবং হোটেলের ওপর নির্ভর করছেন।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি সমাধানে স্থানীয় আয়োজক কমিটি ওসিএর কাছে অনুরোধ জানিয়েছে।

তবে আয়োজক কমিটি এএফপিকে বলেছে, ‘ওসিএর সাথে আমাদের আলোচনার বিস্তারিত বিষয়ে মন্তব্য না করাই আমরা পছন্দ করব।’

একজন মুখপাত্র বলেন, ‘বিভিন্ন জাতীয় দলের নিবন্ধনের অবস্থা সম্পর্কে আমরা ইভেন্টের আয়োজক ওসিএর সাথে তথ্য বিনিময় করছি এবং দলগুলোর আবাসনসহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে তাদের সাথে নিয়মিত আলোচনা করছি।’

খরচ কমানোর লক্ষ্যে আয়োজকরা অস্থায়ী আবাসন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে ইতালির ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা ভাড়া করা হয়েছে।

৪,০০০ থেকে ৫,০০০ ক্রীড়াবিদ এই জাহাজে থাকবেন। জাহাজটিতে রয়েছে ৫৭১টি কেবিন, সাতটি সুইমিং পুল, আটটি রেস্তোরা এবং নয়টি বার।

সেপ্টেম্বর-অক্টোবরে সাধারণত জাপানে টাইফুন মৌসুম পুরোপুরি সক্রিয় থাকলেও এই আবাসন পরিকল্পনা ব্যাহত হবে না বলে আয়োজকরা আত্মবিশ্বাসী।

আরো ২,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা নাগোয়ার গার্ডেন পিয়ার এলাকায় কাঠের শিপিং কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কক্ষে থাকবেন। বাকিরা থাকবেন বিভিন্ন হোটেলে। এর মধ্যে টোকিওর হোটেলও রয়েছে। সেখানে সাঁতার, ডাইভিং ও অশ্বারোহণের ইভেন্ট অনুষ্ঠিত হবে।