বিমান দুর্ঘটনায় শোকাহত ক্রীড়া পরিবার

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সব মিলিয়ে ২৯৪ জনের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা |সংগৃহীত

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা ভারত। এ ঘটনায় বিপুল প্রাণহানির শঙ্কায় শোকগ্রস্ত দেশটি। শোকের ছায়া নেমেছে পুরো বিশ্বেই। বিষন্নতা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও, মর্মাহত মাঠের তারকারাও।

বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা করে এআই ১৭১ ফ্লাইটটি। কিন্তু উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয় ২৪২ আরোহী বহনকারী বিমানটি। তা একটি হোস্টেলের ওপর আছড়ে পড়ে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সব মিলিয়ে ২৯৪ জনের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ছাত্র হোস্টেলে থাকক পাঁচ শিক্ষার্থীও প্রাণ হারান।

এমন মার্মান্তিক ঘটনায় প্রাণ কাঁদছে ভারতীয় ক্রিকেটাদের। শোকাচ্ছন্ন বিদেশি ক্রিকেটাররাও। ভুক্তভোগীদের সমবেদনা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছেন নিজেদের অনুভূতি।

বিমান বিধ্বস্তের ঘটনায় ইনস্টাগ্রামে সমবেদনা জানান ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা লেখেন, ‘আহমেদাবাদের খবর বেদনাদায়ক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা এবং সমবেদনা রইল।’

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং এক্সে লিখেছেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা আর প্রার্থনা। কঠিন সময়ে তারা যেন শক্তি পান।’

হরভজন সিং এক্সে লিখেন, ‘আমি স্তব্ধ, মর্মাহত... এই ভয়াবহ দুর্ঘটনার কোনো ভাষা নেই। নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। প্রার্থনা করছি সবাই যেন এই দুঃসহ সময় কাটিয়ে উঠতে পারেন।’

গুজরাটের সন্তান ও ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না… আমার রাজ্যের এমন একটি মর্মান্তিক ঘটনার কথা শুনে দুঃখে ভেঙে পড়েছি। সবাই যেন নিরাপদে থাকেন, এই দোয়াই করছি।’

সূর্যকুমার যাদব লিখেন ‘এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে মর্মাহত। নিহত সবার জন্য আমার প্রার্থনা। ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা কামনা করছি।’

জনপ্রিয় ব্রিটিশ ক্রিকেট ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স লিখেছেন, ‘হায় ঈশ্বর! এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা সব পরিবারকে ঈশ্বর শক্তি দান করুন।’

আফগান তারকা রশিদ খান শোক প্রকাশ করে লিখেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার খবরে সত্যিই ব্যথিত। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনা। এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পান।’

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা পরিবার এবং লোকদের জন্য প্রার্থনা। দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে... প্রার্থনা প্রার্থনা প্রার্থনা।’

ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু লিখেছেন, ‘আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। আমি গভীরভাবে শোকাহত। ২৪২ জন নিহত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা। প্রত্যেক শোকাহত হৃদয়কে ভালোবাসা ঘিরে রাখুক।’

এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সাবেক কুস্তিগির ভিনেশ ফোগাট লিখেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে আমার মনটা ভারাক্রান্ত। বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এ ধরনের মুহূর্তে আমাদের কাছে যা থাকে, তা হলো বিশ্বাস।

এছাড়াও দুঃখপ্রকাশ করেছে সুরেশ রায়না, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, ইশান্ত শর্মাসহ একাধিক ভারতীয় ক্রীড়াবিদ, ক্রিকেট ফ্রাঞ্চাইজি, ক্লাবসহ নানা সংগঠন।