হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক বাংলাদেশে আসছেন আজ। মঙ্গলবার ঢাকায় এসে কিছুদিন থাকার কথা রয়েছে তার। তবে ফুটবল-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছেন তিনি।
ইংলিশ লিগে খেলা হামজা বছরজুড়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটান। ফিফা উইন্ডো ছাড়া তার বাংলাদেশে তেমন আসার সুযোগ হয় না। তবে এবার লিগ মৌসুম আগেভাগে শেষ হওয়ায় কিছুটা সময় পেয়েছেন তিনি।
এই সময়টায় তিনি বাংলাদেশ আসছেন কমার্শিয়াল কাজে। সম্ভবত কোনো বিজ্ঞাপন বা কোনো প্রতিষ্ঠানের ব্রান্ড এম্বাসাডর হিসেবে কাজ করতেই তার বাংলাদেশে আগমন।
এই প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম হামজার আগমন সম্পর্কে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়।
তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ৫ জুন সান মারিনোতে। ওই ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে অনুশীলন শুরু হবে। হামজার সরাসরি সান মারিনোতে যাওয়ার কথা ছিল।
আকস্মিক ঢাকায় আসায় বাফুফে কর্মকর্তারা তার সাথে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে পারে। সেই সাথে নতুন কোচ নিয়োগের বিষয়েও কথা হতে পারে দেশের ফুটবলের এই সুপারস্টারের সাথে।



