বিশ্বকাপ দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আগামী ১৬ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ড দল
নিউজিল্যান্ড দল |সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘ ১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড।

দলে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিস উড ও টমি স্মিথকে। নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে দু’টি ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন এ দুইজন। সর্বশেষ ২০১০ সালের আসরেও খেলেছিলেন তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের হয়ে খেলেন ৩৪ বছর বয়সী উড। ইংলিশ ফুটবলের পঞ্চম বিভাগের দল ব্রেইনট্রি টাউনের হয়ে খেলে থাকেন স্মিথ।

অভিজ্ঞদের পাশাপাশি নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে প্রাধান্য পেয়েছে তরুণরাও। নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বিশ্বকাপ দলে আছেন।

চোট নিয়ে মৌসুম কাটানো লিবার্তো ক্যাকেসি ও ফ্র্যান্সিস ডি ভ্রাইসকেও বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

প্রথমবার ১৯৮২ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে দ্বিতীয়বার খেলেছিল তারা।

আগামী ফিফা বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিসর, ইরান ও বেলজিয়াম।

আগামী ১৬ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : ম্যাক্স ক্রোকোম্ব, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো ক্যাকাচি, ন্যান্ডো পেইনকার, ফিন সারম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিচ, সারপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড : ক্রিস উড, এলিজা জাস্ট, কস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাকাওয়াট, জেসি র‌্যান্ডাল, ল্যাকলান বেলিস।