প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ, ম্যাচ অফিসিয়ালদের বহরটাও তাই বেশ বড়। রেকর্ডসংখ্যক ম্যাচ অফিশিয়ালদের নিয়ে আগামী ১১ জুন শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’।
২০২৬ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচ পরিচালনা করতে ৬টি ফেডারেশনের ৫০টি সদস্য দেশের ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের বিশাল তালিকা প্রকাশ করেছে ফিফা।
এই অফিসিয়ালের মাঝে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও রেফারি। যেখানে কেবল আর্জেন্টিনা ও ব্রাজিল থেকেই আছেন ১৮ জন।
এই দু’দেশ থেকে মূল রেফারি ৩, সহকারী রেফারি ৫ ও ভিডিও রেফারি একজন করে। আর অন্য ৪৬টি দেশ থেকে ম্যাচ অফিসিয়াল আছেন গড়ে ৩ জন করে।
তিন বছরের বেশি সময় ধরে এই সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে। সেই সাথে সাম্প্রতিক বছরগুলোতে ফিফার বিভিন্ন টুর্নামেন্ট, আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক পারফরম্যান্সকেও বিবেচনায় নেয়া হয়েছে।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা বলেছেন, ‘এটি হতে যাচ্ছে ফিফার ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়ালদের দল। কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার ৪১ জন বেশি অফিশিয়াল থাকছেন।’
ফিফা আরো নিশ্চিত করেছে, ৪৮ দলের এই বিশ্বকাপে প্রথমবারের মতো রেফারিদের শরীরে ক্যামেরা (বডি ক্যামেরা) ব্যবহার করা হবে।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। আর ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।



