বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন মেসি

শুক্রবার মরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি বেঞ্চ থেকে নেমেছিলেন। তবে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পূর্ণশক্তির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে বলে জানান স্কালোনি।

নয়া দিগন্ত অনলাইন

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে আজকের প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলবেন লিওনেল মেসি। এটি বিশ্বচ্যাম্পিয়নদের জন্য নিজ মাঠে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ।

শুক্রবার মরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি বেঞ্চ থেকে নেমেছিলেন। তবে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পূর্ণশক্তির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে বলে জানান স্কালোনি।

৩৮ বছর বয়সী মেসি এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে বাছাইপর্বে তিনি পুরোপুরি অংশ নিয়েছেন। স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই সুপারস্টার সম্ভবত তার ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন।

স্কালোনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন বিশ্বকাপ উপভোগ করতে পার, যা সম্ভবত তার শেষ বিশ্বকাপ হবে। আমরা চাই সে এই অভিজ্ঞতাটি উপভোগ করুক, কারণ পরে এই ধরনের টুর্নামেন্টে খেলার সুযোগ খুব মিস করে খেলোয়াড়রা।’

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা তাদের পরিচিত মূল খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা দলটি এবারের বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত।

স্কালোনি বলেন, ‘আমাদের পরিচিত বেশিরভাগ খেলোয়াড়ই খেলবে। এটি হবে চূড়ান্ত পরীক্ষা। পরে আমরা কিছু পরিবর্তন করে তরুণদেরও দেখব।’

স্কালোনি অবশ্য বলেছেন, মরিতানিয়ার বিপক্ষে জয়টি দলের প্রকৃত মানের প্রতিফলন নয়, ‘আমি নিশ্চিত, সেদিন আমরা যে পারফরম্যান্স দেখেছি, সেটাই দলের প্রকৃত মান নয়। যদি দেখি দল ঠিক ছন্দে নেই, তাহলে আমরা বিকল্প খুঁজব। তবে এই খেলোয়াড়রা আমাদের আস্থা পাওয়ার যোগ্য।’

ইতোমধ্যে তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। সেই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল মে মাসের শেষে ঘোষণা করা হবে।

স্কালোনি বলেন, ‘দলটা মোটামুটি ঠিক করা আছে। তবে পারফরম্যান্স সন্তোষজনক না হলে আমরা সেরা দল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা যতটা সম্ভব নিখুঁত দল গঠনের চেষ্টা করছি। যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে, তারা কিছুটা এগিয়ে আছে, কারণ আমরা তাদের ভালোভাবে চিনি। তবে সেই সুবিধা ধরে রাখতে হবে। আর সবাই জানে, মরিতানিয়ার বিপক্ষে যা হয়েছে, তা আবার হতে দেয়া যাবে না।’ বাসস