ঘরের মাঠে মায়ামির অবিশ্বাস্য হার

৩ গোলে পিছিয়ে পড়া অরল্যান্ডো ৩৯ মিনিটে একটি গোল শোধ করে। মার্টিন ওজেদার পা থেকে আসে গোলটি। পরের দু’টি গোলও আসে তার পা থেকেই। তুলে নেন হ্যাটট্রিক।

নয়া দিগন্ত অনলাইন
জয়হীন লিওনেল মেসি
জয়হীন লিওনেল মেসি |নয়া দিগন্ত

ইন্টার মায়ামির শেষ ম্যাচটা দেখার পর একটা প্রশ্নই আসবে মনে, এভাবেও হারা যায়? ৩ গোলে এগিয়ে থেকেও হেরে যাওয়া সহজে হজম হবার নয়। তবুও আবার ঘরের মাঠে। অবশ্য নিজেদের নতুন স্টেডিয়ামে এখনো জয়ের দেখা পায়নি মায়ামি। চারটি ম্যাচ খেলেও জয়হীন লিওনেল মেসিরা।

আজ রোববার (৩ এপ্রিল) ভোরে শেষ ম্যাচে ৪-৩ গোলে হেরেছে অরল্যান্ডো সিটির কাছে।

অবাক করা বিষয় হলো একটা সময় পর্যন্ত ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। তিনটি গোলেই অবদান ছিল মেসির। একটা নিজে করেছেন, বাকি দু’টিতে অ্যাসিস্ট করেন।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় মায়ামি। মেসির কাছ থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া, আর তার ক্রসে বল পেয়ে হেড দিয়ে বল জালে জড়ান ইয়ান ফ্রে।

মেসি আবারো অ্যাসিস্ট করেন ২৫ মিনিটে। প্রতিপক্ষের বক্সে ঢুকে একাধিক বাধার মাঝখান দিয়েই সেগোভিয়ার দিকে বল বাড়ান মেসি। তিনি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর ৩৩ মিনিটে মিয়ামিকে গোল করে আরেকবার এগিয়ে দেন মেসি। মায়ামির জার্সিতে এটি ছিল তার ৮৬তম গোল। কিন্তু মেসির প্রচেষ্টা ব্যর্থ হয়, দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি।

৩ গোলে পিছিয়ে পড়া অরল্যান্ডো ৩৯ মিনিটে একটি গোল শোধ করে। মার্টিন ওজেদার পা থেকে আসে গোলটি। পরের দু’টি গোলও আসে তার পা থেকেই। তুলে নেন হ্যাটট্রিক।

৬৮ মিনিটে ওজেদা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে ৩-৩ সমতা ফেরান তিনি।

তাতে জমে উঠে ম্যাচ। স্তব্ধ হয়ে যায় মায়ামির গ্যালারি। আর ইনজুরি টাইমে টাইরেস স্পাইসার জয়সূচক গোলটি করলে হতাশায় ভেঙে পড়েন সমর্থকেরা। ৪-৩ গোলে হেরে যায় তারা।

ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ১৫ দলের মধ্যে ১৪তম অবস্থানে থাকা অরল্যান্ডোর কাছে মায়ামির হার কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ইন্টার মায়ামি।