৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা : ইনফান্তিনো

প্রস্তাবটি অনুমোদিত হলে ৬৪ দলের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৩২ দলের বিশ্বকাপের ৬৪ ম্যাচের দ্বিগুণ। চলতি ২০২৬ বিশ্বকাপে অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি ম্যাচ।

নয়া দিগন্ত অনলাইন
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো |ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ আসর শেষ হলে ৬৪ দল নিয়ে আরো সম্প্রসারিত আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা শুরু করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। একইসাথে তিনি জানান, ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার স্বপ্ন প্রতিটি দলেরই থাকে এবং তাদেরকে সেই সুযোগ করে দেয়া উচিৎ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। ৩২ দল থেকে বাড়িয়ে বর্ধিত কলেবরের এই আয়োজন ইতোমধ্যেই সব দলের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। এই সংখ্যা আরো বাড়ানো হলে তার সুফল সময়ই বলে দেবে।

সুইস সম্প্রচারমাধ্যম ব্লু স্পোর্টকে ফিফা সভাপতি জানান, ‘নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ শেষ হওয়ার পর বিষয়টি ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনা করা হবে। আপনি যখন একটি বিশ্বকাপ আয়োজন করেন, তখন সেটি পুরো বিশ্বের জন্যই আয়োজন করা গুরুত্বপূর্ণ। এটি শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং কার্যত সমগ্র বিশ্বের জন্য। প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ থাকা উচিত।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দলগুলোর মান এখন অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং বিশ্বের সর্বত্রই সেই মান আরো বাড়ছে। আপনি যদি ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ না দেন, তাহলে তাদের উন্নতি চালিয়ে যাওয়ার প্রেরণাও কমে যাবে।’

৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনার বিষয়টি প্রথম সামনে আসে ২০২৫ সালের মার্চে, যখন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল প্রতিযোগিতার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাব দেয়।

এরপর সেপ্টেম্বরে ফিফা সভাপতি ইনফান্তিনো নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি এবং প্যারাগুয়ে ও উরুগুয়ের রাষ্ট্রপতিদের সাথে ওই প্রস্তাব নিয়ে বৈঠক করেন।

সে সময় ডোমিঙ্গেজ বলেছিলেন, ‘আমরা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন দেখি। আমরা ঐক্য, সৃজনশীলতা এবং বড় করে ভাবার আহ্বান জানাতে চাই। কারণ ফুটবল যখন সবার সাথে ভাগাভাগি করা হয়, তখনই এই উদযাপন সত্যিকার অর্থে বৈশ্বিক হয়ে ওঠে।’

তবে গত বছর এপ্রিলে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টগ্লিয়ানি ইএসপিএনকে বলেছিলেন, ‘পুরুষদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণ করাকে আমি টুর্নামেন্টের জন্য কিংবা জাতীয় দল, ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়- সব মিলিয়ে বৃহত্তর ফুটবল ব্যবস্থার জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করি না।’

প্রস্তাবটি অনুমোদিত হলে ৬৪ দলের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ৩২ দলের বিশ্বকাপের ৬৪ ম্যাচের দ্বিগুণ। চলতি ২০২৬ বিশ্বকাপে অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি ম্যাচ।

এর আগে উয়েফা সভাপতি আলেকসান্দার শেফেরিন এই প্রস্তাবকে সরাসরি ‘একটি খারাপ পরিকল্পনা’ বলে অভিহিত করেছিলেন।