‘আমি রোনালদোর পাশে আছি’

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

নয়া দিগন্ত অনলাইন

চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে গোল তো পাননি, পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি। তাই রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই।

তবে রোনালদোর সমর্থনে সমালোচকদের এক হাত নিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার মাইকেল ওয়েন।

তিনি জানান, প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও দ্রুত নিজের চেনা রূপে ফিরবেন রোনালদো। পর্তুগালের পরের ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে দুই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু দলের জন্য কিছুই করতে পারেননি রোনালদো।

গোলের যা সুযোগ পেয়েছেন, সেটিও হেলায় হারিয়েছেন তিনি।

রোনালদোর সমালোচনা না করে তার পাশে থাকার কথা জানালেন ওয়েন। ডেইলি মেইলে এক কলামে ওয়েন লেখেন, ‘পর্তুগাল ম্যাচের আগের দিন হ্যাটট্রিক করেছে মেসি। পরের দিন রোনালদো কিছু করতে পারেনি। তার মানে এই নয়, তার সমালোচনা করতে হবে। আমি রোনালদোর পাশে আছি।’

বিশ্বকাপে পরের ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ওই ম্যাচে রোনালদো জ্বলে উঠবে বলে বিশ্বাস করেন ওয়েন। ওই কলামে ওয়েন আরো জানান, ‘আমি নিশ্চিত পরের ম্যাচে সবার মুখ বন্ধ করে দেবে রোনালদো। এমন ঘটনা তো এর আগেও বহুবার ঘটেছে। রোনালদো মাঠে থাকা মানে, যেকোনো মুহূর্তে গোল করতে পারা। যদি উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে, তাহলে আমি অবাক হবো না।’

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।